Image description

সংসদ অভিমুখে স্মারকলিপি প্রদান ও প্রতিনিধি দলের সঙ্গে সফল আলোচনা শেষে আপাতত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি। তবে দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে আগামী ৫ আগস্ট সংসদ অভিমুখে লংমার্চের কড়া হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

আজ রবিবার বাংলামোটর থেকে সংসদ অভিমুখে সংক্ষিপ্ত পদযাত্রা শেষে প্রতিনিধি দলের প্রতিনিধি হিসেবে সন্ধ্যা ৬টার দিকে এ ঘোষণা দেন জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক।

 

 

সংসদে প্রতিনিধি দলের আলোচনার বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর বলেন, ‘আমরা যেসব দাবি ও প্রত্যাশা নিয়ে ভেতরে গিয়েছিলাম, সংসদীয় প্রতিনিধিরা সেগুলোতে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তবে আশ্বাস অনুযায়ী যদি বাস্তব কোনো কার্যক্রম দেখা না যায়, তবে আমরা আগামী ৫ আগস্ট সংসদ অভিমুখে লংমার্চের ঘোষণা দিতে বাধ্য হব।’

এই বার্তা দেওয়ার পর দিনের মতো চলমান কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বেলা তিনটায় বাংলামোটরে সমাবেশ আয়োজন করে জাতীয় কমিটি। সমাবেশ শেষে ভুক্তভোগী পরিবার, ১১ দলীয় ঐক্য জোট ও আন্দোলনকারীরা দাবিসংবলিত স্মারকলিপি নিয়ে সংসদ ভবনের উদ্দেশ্যে এক পদযাত্রায় অংশ নেন।