নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত করে ঠাকুরগাঁও-১ সহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এতে প্রশাসনিক পুনর্গঠনের কারণে কাগজে-কলমে সংশোধন এলেও বাস্তবে আসনগুলোর ভৌগোলিক সীমানায় কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশোধিত এই গেজেট প্রকাশ করা হয়।
সীমানা সংশোধন হওয়া আসনগুলোর মধ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে সদর উপজেলা ভেঙে গঠিত নতুন 'রুহিয়া' ও 'ভুল্লী' উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা গত মে মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে অনুমোদন পায়। এছাড়া বগুড়া-২ আসনে শিবগঞ্জের পাশাপাশি নিকার অনুমোদিত নতুন 'মোকামতলা' উপজেলা এবং ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁওয়ের সঙ্গে নবগঠিত 'দক্ষিণ গফরগাঁও' উপজেলা যুক্ত করা হয়েছে।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম আলাদা করে আখাউড়া উপজেলার সাথে যুক্ত করে গঠিত নতুন 'বরিশল' ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে যুক্ত করা হয়েছে এবং উক্ত ইউনিয়ন বাদ দিয়ে গঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন। কুমিল্লা-৩ আসনে মুরাদনগরের পাশাপাশি নতুন 'বাঙ্গরা' উপজেলা, চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ির সাথে 'ফটিকছড়ি উত্তর' এবং কক্সবাজার-১ আসনে নতুন গঠিত 'মাতামুহুরি' উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তালিকায় থাকা পিরোজপুর-১, লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের সীমানাতেও প্রয়োজনীয় প্রশাসনিক সমন্বয় এনে নতুন গেজেট জারি করেছে কমিশন।