কুমিল্লায় লুট হওয়া পুলিশের শর্টগানসহ দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (৩০ আগস্ট) ভোরে মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেপ্তার এয়াকুব নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর গ্রামের তৈয়ব খানের ছেলে।
কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আলম শাহ্ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩ টার দিকে নাথেরপেটুয়া স্টেশন বাজারে একটি ডিসকভার মোটরসাইকেল থামিয়ে এয়াকুবকে আটক করে পুলিশ। পরে মোটরসাইকেলের বাম পাশের বাঁধা একটি বস্তায় তল্লাশি চালিয়ে একটি সচল শর্টগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলো ৫ আগস্টের পর লুট হওয়া। রোববার বিকেলে আইনানুগ প্রক্রিয়া শেষ করে গ্রেপ্তার এয়াকুবকে আদালতে প্রেরণ করা হয়েছে।