বরগুনার বামনায় স্থানীয়দের অর্থায়নে নির্মিত প্রায় ৪০ ফুট দীর্ঘ কাঠের সাঁকো ফিতা কেটে উদ্বোধন করেছেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাশেদ খান মামুন। শনিবার (২৯ আগস্ট) ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বাসিন্দাদের উপস্থিতিতে সাঁকোটির উদ্বোধন করা হয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হোগলপাতি এলাকার একটি খালের ওপর আগে একটি লোহার সেতু ছিল। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকার পর সেতুটি ভেঙে খালের মধ্যে পড়ে যায়। এতে ওই এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়।পরে স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহ করে খালের ওপর প্রায় ৪০ ফুট দীর্ঘ কাঠের সাঁকো নির্মাণ করেন। সাঁকোটি নির্মাণের ফলে খাল পারাপারে স্থানীয়দের দুর্ভোগ কিছুটা কমেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাঁচি হাতে লাল ফিতা কেটে সাঁকোটির উদ্বোধন করছেন বিএনপি নেতা রাশেদ খান মামুন। এ সময় তার পেছনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সাঁকো নির্মাণে আর্থিক সহায়তার বিষয়ে রাশেদ খান মামুন বলেন, স্থানীয় বাসিন্দারা গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহ করে নিজেদের অর্থায়নে সাঁকোটি নির্মাণ করেছেন। তিনিও এতে ৫ হাজার টাকা দিয়েছেন।
তিনি বলেন, ‘‘এখানে একটি লোহার সেতু ছিল। সেটি ভেঙে খালের মধ্যে পড়ে আছে। আমাদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ভাই বলেছেন, এখানে একটি ঢালাই সেতু করা হবে। সাঁকোটি সাময়িক সময়ের জন্য করা হয়েছে।’’
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও উপস্থিত ছিলেন।