Image description

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন ও পাকিস্তান দূতাবাসের আশপাশে ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ঘোরাঘুরি করা এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার পরিচয় যাচাই করে পুলিশ নিশ্চিত হয়, তিনি ডিজিএফআই বা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নন।

গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গুলশান নর্থ অ্যাভিনিউ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়।

এ ঘটনায় ওই রাতেই গুলশান থানায় মামলা করেছেন এসআই উজ্জ্বল চক্রবর্তী।

গ্রেপ্তার যুবকের নাম মো. সাইফ ইমরান (৩৭)। তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার খাসা গ্রামে।

এসব তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন।

এজাহারের বরাতে তিনি জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে ও পাকিস্তান দূতাবাসের পশ্চিমে গুলশান নর্থ অ্যাভিনিউতে মোটরসাইকেল পার্ক করার সময় ইমরানকে আটক করা হয়। এর আগে শনিবার দুপুরেও তিনি একই স্থানে মোটরসাইকেল পার্ক করেছিলেন। পুলিশ সদস্যরা তাকে সেখানে পার্ক করতে নিষেধ করলে তিনি নিজেকে ডিজিএফআইয়ের সহকারি পরিচালক (এডি) হিসেবে পরিচয় দেন।

পরে সন্ধ্যায় তিনি আবার একই স্থানে ফিরে আসেন। তার পোশাক ও আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তিনি ডিজিএফআই বা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নন। পরে ডিজিএফআই কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।

 

এসআই আনোয়ার হোসেন জানালেন, ইমরানের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি রেইনকোট, একটি মোবাইল ব্যাকপ্যাক, ‘ডিজিএফআই’ লেখা একটি কালো ওয়ালেট, সেনাবাহিনীর লোগোযুক্ত কী-রিংসহ দুটি চাবি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তার ব্যবহৃত একটি সাদা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটির কোনো নিবন্ধন ছিল না।