Image description

মাদারীপুর সদর উপজেলার একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে টিনশেড ঘরটির চাল ও বেড়াসহ বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম খান প্রায় সাত বছর ধরে খুলনায় বসবাস করছেন। তার বাড়ির একটি ঘর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও বন্ধ অবস্থায় পড়ে রয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে ওই ঘর থেকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা।

পরে কাছে গিয়ে তারা ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন এবং পোড়া গন্ধ পান। বিস্ফোরণে টিনের চাল ও বেড়ার বড় একটি অংশ বিধ্বস্ত হয়।

খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরটি পরিদর্শন করে। পুলিশের প্রাথমিক ধারণা, ঘরের ভেতরে রাখা হাতবোমা বিস্ফোরিত হয়ে টিনশেড ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, বাড়ির মালিক দীর্ঘদিন ধরে খুলনায় বসবাস করছেন। তার পরিত্যক্ত ঘর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।