Image description
ট্রাম্প পরিবার এবার যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবসায় প্রবেশ করতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান দেশটিতে একটি জাতীয় ব্যাংক চালুর জন্য প্রাথমিক অনুমোদন পেয়েছে। এর ফলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট, যার সন্তানরা একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছেন।
 
ট্রাম্প-সংশ্লিষ্ট ক্রিপ্টো কোম্পানি ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল যুক্তরাষ্ট্রের ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি (ওসিসি)-এর কাছ থেকে এই অনুমোদন পেয়েছে। তবে চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগে কোম্পানিটিকে কিছু শর্ত পূরণ করতে হবে বলে সোমবার (২৪ আগস্ট) জানিয়েছে ব্লুমবার্গ।
 
এমন সময়ে এই উদ্যোগের অনুমোদন দেয়া হলো, যখন যুক্তরাষ্ট্রের ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা প্রায় ২০ বছরের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে নতুন ব্যাংকের সনদ অনুমোদন করছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম ১৯ মাসে ওসিসি ২২টি ব্যাংক সনদের আবেদন অনুমোদন করেছে। আগের পাঁচ বছরে অনুমোদিত আবেদনের মোট সংখ্যার চেয়েও এটি বেশি।
 
২০২৫ সালের শুরু থেকে প্রায় ৪০টি কোম্পানি নতুন ব্যাংক সনদের জন্য আবেদন করেছে। আগের ১৩ বছরে যতগুলো আবেদন জমা পড়েছিল, এই সংখ্যা তার প্রায় সমান। ওসিসি এখন আবেদনের ১২০ দিনের মধ্যে সিদ্ধান্ত দেয়ার লক্ষ্যও নিয়েছে। আগে এই প্রক্রিয়ায় কয়েক মাস, এমনকি কয়েক বছরও সময় লাগতে পারত।