Image description
ফরিদপুরের সালথায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারসংলগ্ন বড় বাংরাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বড় বাংরাইল গ্রামের মনির বিশ্বাস ও মিশরু বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার বিকালে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 
স্থানীয়দের দাবি, প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০টি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। এতে অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
 
খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
এ বিষয়ে বক্তব্য জানতে মনির বিশ্বাস ও মিশরু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
 
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।