সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন দাপ্তরিক কার্যাবলি, নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৫ আগস্ট) অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে যে কতিপয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। বিভিন্ন বিভ্রান্তিকর ভিডিও পোস্ট, কমেন্ট বা স্ট্যাটাস শেয়ারের মাধ্যমে অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে, যা সম্পূর্ণ শৃঙ্খলা পরিপন্থী এবং গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য। এ ধরনের কার্যক্রম সাধারণ শিক্ষক-কর্মচারীদের মধ্যে অহেতুক অসন্তোষ ও বিভ্রান্তি সৃষ্টি করছে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কার্যাবলি বা সিদ্ধান্ত সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার ভিত্তিহীন, উসকানিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট, ভিডিও বা মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে চাকরি বিধিমালা মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।