Image description

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তারা এরইমধ্যে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছেন। তাদের প্রশিক্ষণ চলছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করা হবে।

সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ তথ্য দেন।

বিজ্ঞাপন

মতবিনিময় শেষে আমার দেশ সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান বলেছেন, ‘সাংবাদিকদের পক্ষ থেকে বিরোধী দলকে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করার পরামর্শ দেওয়া হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই প্রস্তাবের প্রশংসা করেন এবং জানান যে তারা ইতোমধ্যে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছেন। বর্তমানে প্রশিক্ষণ চলছে।’ 

Politics

 

আমার দেশ সম্পাদক বলেন, ‘আমাদের দেশের রাজনীতিবিদদের সব বিষয়ে কথা বলার একটি সাধারণ অভ্যাস থাকলেও শ্যাডো ক্যাবিনেট থাকলে নির্দিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট ব্যক্তিরা কথা বলবেন। এটি একদিকে যেমন সরকারের ওপর সার্বক্ষণিক গঠনমূলক চাপ সৃষ্টি করবে, অন্যদিকে বিরোধী দলের জন্য ভবিষ্যৎ সরকার পরিচালনার ভালো একটি প্রশিক্ষণ হিসেবে কাজ করবে।’

তিনি আরো বলেন, ‘জুলাই বিপ্লবের পর বাংলাদেশে গণতন্ত্রের সূচনা হয়েছে এবং গণমাধ্যমের স্বাধীনতা ফিরে এসেছে। সম্পাদকরা প্রতিশ্রুতি দিয়েছেন, গণমাধ্যম কোনো দলের দিকে হেলে পড়বে না, বরং তারা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।’