জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত হিরো ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু বিজয়ের পর তাদের চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, ৩ আগস্ট যখন সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রেখে আন্দোলন প্রত্যাহারের মুচলেকা দেওয়ানো হয়েছিল, তখন ইস্ট ওয়েস্ট, ব্র্যাক বা নর্থ সাউথের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলন সচল রেখেছিল।
সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে এ কথা বলেন তিনি।
মাসুদ কামাল জানান, ডিবির চাপের মুখে সমন্বয়করা একপ্রকার আত্মসমর্পণ করলেও দেশের সাধারণ আন্দোলনকারীরা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সমঝোতা মেনে নেয়নি। তারা জীবন বাজি রেখে রাজপথ দখল করে রেখেছিলেন বলেই শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতন ত্বরান্বিত হয়েছে।
তিনি বলেন, এই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী নিজেদের জীবন উৎসর্গ করলেও বিজয়ের পর সমস্ত সুযোগ-সুবিধা, পদ-পদবি এবং রাষ্ট্রীয় কৃতিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশীদাররাই ভোগ করছেন।
মাসুদ কামাল আরও বলেন, আন্দোলনের প্রকৃত নায়কদের বাদ দিয়ে এভাবে বিজয়ের ফসল বণ্টন করা অত্যন্ত দুঃখজনক এবং এটি আন্দোলনের প্রকৃত ত্যাগের সঙ্গে চরম বৈষম্যমূলক আচরণের শামিল।