দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সাংবাদিকের প্রশ্নে কড়া প্রতিক্রিয়া জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, আমি বাংলাদেশের নাগরিক। কারা এই রিপোর্ট করেছেন? তাদের কি আবার ২০০৮-এর জ্বালা উঠেছে নাকি? মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা?
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ের সময় এক সাংবাদিক প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে প্রশ্ন করলে তিনি এ প্রতিক্রিয়া জানান।
এর আগে আজ তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে। দুই দেশের আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।’
ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য ইতিবাচক হিসেবে দেখছেন হুমায়ূন কবির। তিনি বলেছেন, দেশের স্বার্থ বজায় রেখে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই তার অন্যতম দায়িত্ব। দ্বিপক্ষীয় সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।