Image description

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, নিজ উপজেলা কচুয়ায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের গাড়ি ভাঙচুর করা হয়েছে ()। ভিডিওটির ক্যাপশনে তাঁকে অবমাননাকরভাবে ‘মুরগি মিলন’ উল্লেখ করে দাবি করা হয়েছে, গাড়ি ভাঙচুরের পর তিনি ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানানোর অনুরোধ করেছেন। ভিডিওটির ওপর ‘২৩ আগস্ট ২০২৬ ইং’ তারিখও বসানো হয়েছে।

 

তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, এটি সাম্প্রতিক কোনো ঘটনার ভিডিও নয়। ভিডিওটি ২০২২ সালের ২৫ এপ্রিল চাঁদপুরের কচুয়ায় এহছানুল হক মিলনের গাড়িতে হামলার একটি পুরোনো ঘটনার। সে সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন না। পুরোনো ভিডিওটিতে নতুন তারিখ, ছবি ও ক্যাপশন যুক্ত করে সাম্প্রতিক ঘটনার দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে।

 

ভিডিওটির উৎস খুঁজতে গিয়ে ‘Muktibahini-মুক্তিবাহিনী’ নামের একটি ফেসবুক পেজে ২৪ আগস্ট প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। একই ভিডিও অন্য একটি ফেসবুক পেজ এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও একই দাবিতে প্রচার করা হয়েছে ()।

 

ভিডিওটি ২০২২ সালের

অনুসন্ধানে বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে ‘সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের ওপর হামলা, গাড়ি ভাঙচুর’ শিরোনামে প্রকাশিত একটি পুরোনো ভিডিও প্রতিবেদন পাওয়া যায়।

আলোচিত ভিডিওর দৃশ্য, এহছানুল হক মিলনের পোশাক, গাড়ির ভেতরের অংশ ও কথোপকথন ওই পুরোনো ভিডিওর সঙ্গে মিলে যায়।

 

২০২২ সালের ২৫ এপ্রিল প্রকাশিত বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে কচুয়া উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এহছানুল হক মিলনের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।

 

২৬ এপ্রিল প্রকাশিত ঢাকা পোস্টের প্রতিবেদনে বলা হয়, চাঁদপুরে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ড. আ ন ম এহছানুল হক মিলনের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় কচুয়া উপজেলা সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।