শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আমরা সত্যিকার অর্থে রিয়েল লাইফ এডুকেশনে যেতে চাচ্ছি। ”
তিনি বলেন, “দেশ ও দেশের বাইরে নিড-বেইজড এডুকেশন দরকার। যেখানে আমাদের যাওয়ার কথা সেখানে পৌঁছাতে হবে। ছেলে-মেয়েরা লেখাপড়া শেষ করে ক্রেডিট ট্রান্সফার যাতে করতে পারে সুতরাং একটা মানসম্মত শিক্ষাব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সহায়তা করবে।
শুক্রবার সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএম-এ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর উদ্যোগে উপাচার্যদের সঙ্গে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে তিনি এসব কথা বলেন।
ইউজিসির বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্যসহ নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশের উচ্চশিক্ষা বর্তমানে প্রযুক্তিগত পরিবর্তন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা, গুণগত মান ও জবাবদিহির ক্রমবর্ধমান প্রত্যাশা এবং বৈশ্বিক প্রতিযোগিতার মতো নতুন বাস্তবতার মুখোমুখি। এ প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক, সুশাসিত এবং পরিবর্তিত বিশ্বের জন্য দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে সক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হয়েছে এতে।এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহ্দী আমিন, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।
শীর্ষনিউজ