নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ আগামীকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমন্ত্রিত ভিআইপি অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন রাখা এবং বঙ্গভবন ও আশপাশের এলাকায় সুশৃঙ্খল যানবাহন চলাচলের লক্ষ্যে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন সংলগ্ন নির্দিষ্ট কয়েকটি সড়ক পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য সাধারণ গাড়ি চালকদের অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বর সংলগ্ন অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ পুরোপুরি বন্ধ থাকবে। একই সঙ্গে দৈনিক বাংলা মোড় থেকে রাজউক অভিমুখী কোনো বাণিজ্যিক বা পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলোকে ইউবিএল ক্রসিং ও প্রেসক্লাব হয়ে কিংবা অন্যান্য সুবিধাজনক বিকল্প রাস্তায় যাতায়াত করতে বলা হয়েছে।
এ ছাড়া মেয়র হানিফ ফ্লাইওভার থেকে আসা গাড়িগুলোকে জিরো পয়েন্ট থেকে ইউটার্ন না নিয়ে ফুলবাড়িয়া কিংবা ইউবিএল, নাইটিঙ্গেল ও ফকিরাপুল ক্রসিং হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
তবে এই ট্রাফিক নিষেধাজ্ঞা বঙ্গভবনে আসা আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সাময়িক এই নিয়ন্ত্রণের ফলে নগরবাসীর যাতায়াতে যে সাময়িক অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করে ট্রাফিক বিভাগকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ডিএমপি।