Image description

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিতে অছাত্রকে আহ্বায়ক করার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির ২০১১-১২ শিক্ষাবর্ষের বিডিএস ব্যাচের ডা. জহিরুল ইসলাম ২০১৮ সালেই পড়াশোনা শেষ করেছেন। অভিযোগ, বর্তমানে কোথাও অধ্যয়নে যুক্ত না থাকলেও তদবিরের মাধ্যমে এই পদ পেয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) সোহরাওয়ার্দী মেডিকেলের ৫ সদস্যের কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় সংসদ। কমিটিতে সদস্য সচিব হয়েছেন ইফতেখার আহমেদ শিহাব। এ ছাড়া খোন্দকার সিফাত-উল হক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. মহসিন আলী ও মো. আরাফাত রহমান যুগ্ম আহ্বায়ক হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সদস্য সচিবের সাথে জহিরুল ইসলামের ভর্তি হওয়ার সময়ের ব্যবধান ৫ বছর। সর্বনিম্ন ব্যাচ এসএইচ-২১ ও এসডি-১৫ এর সাথে এই ব্যবধান ১৪ বছর। এর আগের কমিটিতে তিনি সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

কেন্দ্র এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক-বর্তমান নেতাকর্মীরা বলছেন, অপরাপর যোগ্য অপশন থাকার পরও অছাত্র, নিষ্ক্রিয় এবং বয়স্ক একজনকে আহ্বায়ক পদ দেওয়াতে বিস্ময় এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় এক ছাত্রদল নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জহিরুল ইসলাম ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকলেও সভাপতি বা আহ্বায়ক পদের জন্য তিনি উপযুক্ত নন। শিক্ষার্থীদেরও সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই। সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলের কোনো ডিসিশন মেকিংয়েই তাকে এতদিন দেখা যায়নি। এমনকি একবার ছাত্রদল থেকে পদত্যাগও করেছিল জহিরুল।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকত দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৫ আগস্টের পর জহিরুল ১০ দিনের জন্যও ক্যাম্পাসে আসেনি, একটা জুনিয়রও সে রিক্রুট করেনি। ক্যাম্পাসের ২০টা ছেলে তাকে চেনে না।

তিনি বলেন, লিংক-লবিং আর তদবিরের মাধ্যমে এসব লোক পদে আসে। আর দিনশেষে এগুলো নিয়ে হাসাহাসি হয়। জহিরুলকে দায়িত্ব দেওয়া আর সংগঠনকে পিচ্ছিল কুয়ায় ফেলে দেওয়া সমান কথা।

এসব বিষয়ে কথা বলতে ডা. জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের ১৮ জুলাই তাওহীদুল ইসলাম সৈকতকে সভাপতি ও ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়। পরে গত ১১ এপ্রিল ‘মেয়াদোত্তীর্ণ’ এসব কমিটি বিলুপ্ত করেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।