চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর এক নেতার পরিচালিত মাদ্রাসার একটি তালাবদ্ধ কক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসায় অভিযান চালিয়ে এসব বীজ উদ্ধার করা হয়।
অভিযুক্ত জামায়াত নেতা শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির। তিনি একই সঙ্গে জামেউল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার (অধ্যক্ষ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাদ্রাসা পরিদর্শনে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আকন্দ। এ সময় সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখতে পান তিনি। পরে কক্ষটি খোলার নির্দেশ দেওয়া হলে ভেতর থেকে ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, প্রায় ২০ দিন আগে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য এসব বীজ দেওয়া হয়েছিল। চরম্বা ইউনিয়নটি দূরবর্তী হওয়ায় কৃষকদের দুজন প্রতিনিধির মাধ্যমে বীজগুলো পাঠানো হয়। আরও প্রায় ১৫ দিন আগে এসব বীজ কৃষকদের মধ্যে বিতরণ করার কথা ছিল।
তিনি জানান, বীজগুলো কেন সময়মতো বিতরণ করা হয়নি এবং কীভাবে তা একজন রাজনৈতিক নেতার কাছে গিয়ে মাদ্রাসায় সংরক্ষিত ছিল, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে শামসুল ইসলাম হেলালী জানান, কৃষকদের মধ্যে বিতরণের জন্য তাদের ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। এর মধ্যে চার বস্তা বিতরণ করা হয়েছে। বাকি বীজগুলো তিনি মাদ্রাসায় রেখে দেন। ব্যস্ততার কারণে সেগুলো আর বিতরণ করা সম্ভব হয়নি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আকন্দ গণমাধ্যমকে বলেন, উদ্ধার করা বীজগুলো স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, সরকারি বরাদ্দের কৃষি উপকরণ নির্ধারিত সময়ে ও সঠিকভাবে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।