নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও হুমকির অভিযোগে এক শিক্ষিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আত্মহত্যার চেষ্টা করা শিক্ষিকার নাম জাহানারা ফেরদৌস। তিনি রূপগঞ্জের বাতুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জাহানারা ফেরদৌসের অভিযোগ, প্রতিবেশীদের একটি পক্ষ তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা ও অপপ্রচার চালিয়ে আসছে। এর প্রতিবাদ করায় গত ১০ মে কয়েকজন তাঁর ওপর হামলা চালান। এ ঘটনায় তিনি থানায় মামলা করেন। পরে মামলাটি তুলে নিতে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর।
জাহানারা বলেন, ভোলাব ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশাররফ হোসেনের পক্ষের লোকজন তাঁকে ফোন করে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছেন। পাশাপাশি তাঁকে নিয়ে বিভিন্ন কুৎসা ছড়িয়ে ফেসবুকে পোস্ট করা হয়েছে। এর প্রতিবাদ করায় ফের অপপ্রচার চালানো হয়। একপর্যায়ে মঙ্গলবার স্থানীয় কয়েকজন শিক্ষককে দিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়।
তিনি বলেন, ‘আমি বিএনপি নেতা কাজী মোশাররফ হোসেনের বিরুদ্ধে একটি মামলা করেছিলাম। এরপর থেকে তাঁর লোকজন আমাকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে। তারা আমাকে নিয়ে বিভিন্ন কুৎসা রটিয়ে ফেসবুকে পোস্ট দেয়। প্রতিবাদ করায় আবারও অপপ্রচার চালানো হয়। একপর্যায়ে মঙ্গলবার স্থানীয় কয়েকজন শিক্ষক আমাকে হুমকি দেন।’
অভিযোগের বিষয়ে ভোলাব ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশাররফ হোসেন বলেন, ‘আমি তাকে কোনো হুমকি দিইনি। তবে আমার লোকজন তাকে হুমকি দিয়েছে কি না, তা আমার জানা নেই।’
তিনি আরও বলেন, ‘সামনে আমি পৌরসভায় নির্বাচন করব। হয়তো কোনো গোষ্ঠী আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে।’ ঘটনার পর শিক্ষিকাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।