পঞ্চগড়ে প্রেমিকাকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় স্বপন চন্দ্র রায় (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা তরুণীও আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার ফুটকিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ধনিপাড়া গ্রামের উপেন চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে স্বপন তার প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। ফুটকিবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় স্বপন ও তার সঙ্গে থাকা তরুণী সড়কে পড়ে আহত হন।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্বপনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। পরে স্বজনরা তাকে রংপুরে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফা জানান, বিকেলে দুর্ঘটনায় আহত অবস্থায় স্বপন নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি একটি অটোরিকশার পেছনে ধাক্কা দিলে স্বপন নামে এক যুবক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক ও তার সঙ্গে থাকা তরুণী সম্পর্কে প্রেমিক-প্রেমিকা ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।