Image description

কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করানোর অভিযোগে সেই যুবলীগ নেতা সাদ্দাম মুন্সীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ছোটশালঘর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাদ্দাম মুন্সী (৩৪) উপজেলার বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী এবং ছোটশালঘর এলাকার হুমায়ুন কবিরের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে দেবিদ্বার উপজেলার ছোটশালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করান সাদ্দাম। ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর সাদ্দাম পালিয়ে যান।

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। থানা সূত্রে জানা গেছে, সাদ্দাম মুন্সী নাশকতার একটি মামলাসহ আরও চারটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, সম্প্রতি ইউসুফপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিলে সাদ্দাম মুন্সীর অংশগ্রহণের প্রমাণ পেয়েছি। এ ছাড়া কোমলমতি শিশুদের দিয়ে রাজনৈতিক দলের মিছিল করানোর পর তিনি এলাকা থেকে পালিয়ে যান। সোমবার তিনি বাড়িতে আসার গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।