Image description

২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ঠাকুরগাঁও ও নরসিংদী মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি নেওয়ার প্রস্তুতি শুরু করেছে সরকার। ডিসেম্বরে আসন্ন ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ দুই মেডিকেল কলেজে ভর্তি নেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে মুন্সীগঞ্জ মেডিকেল কলেজে ভর্তি শুরু নিয়ে অনিশ্চয়তা রয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, এসব বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

চলতি বছরের ১৩ মে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষে আনুষ্ঠানিক সরকারি অনুমোদন বা মঞ্জুরি প্রদান করে সরকার। এক মাসের ব্যবধানে গত ১৪ জুন নরসিংদী মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নরসিংদী মেডিকেল কলেজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের এলাকায় স্থাপিত হচ্ছে।

আগামী বছরেই ঠাকুরগাঁও মেডিকেলে শিক্ষার্থী ভর্তির কথা বেশ কয়েকবার জানিয়েছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রবিবারও একটি অনুষ্ঠানে এই কথা বলেন। তার ভাষ্য, আগামী কয়েক মাসের মধ্যেই প্রস্তাবিত এ মেডিকেল কলেজ স্থাপনের মূল কাজ শুরু হতে যাচ্ছে।

এদিকে ঠাকুরগাঁও ও নরসিংদী মেডিকেল কলেজের আগে দেশের ৩৮তম সরকারি মেডিকেল কলেজ হিসেবে মুন্সীগঞ্জ মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয় চলতি বছরের ১ জানুয়ারি। তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই জেলার বাসিন্দা। তবে ওই মেডিকেল কলেজের ভবন নির্মাণকাজ এখনও শুরু হয়নি। আসন্ন শিক্ষাবর্ষে এই প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী ভর্তির সম্ভাবনা নেই বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ঠাকুরগাঁও ও নরসিংদী মেডিকেল কলেজে ভর্তি শুরু করার পরিকল্পনা রয়েছে আমাদের। প্রয়োজনীয় কর্মকাণ্ড ইতোমধ্যে শুরু হয়ে গেছে। অ্যাকাডেমিক ভবন তৈরি হলে নিশ্চয়ই আমরা এই শিক্ষাবর্ষ থেকে শুরু করতে পারব ইনশাআল্লাহ।’

এক্ষেত্রে ঠাকুরগাঁও মেডিকেল সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শহরে একটি পুরোনো হাসপাতাল ভবন রয়েছে। এই ভবনটি প্রস্তুত করে কার্যক্রম শুরু হবে। পাশাপাশি একটি নতুন ভবন নির্মাণ করতে হবে। আশা করছি ,নরসিংদী মেডিকেলেও এবার ভর্তি নিতে পারব।’

মুন্সীগঞ্জ মেডিকেল কলেজ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক রুবীনা ইয়াসমীন বলেন, ‘ঠাকুরগাঁও ও নরসিংদীর ক্ষেত্রে নতুন ভবনের পাশাপাশি বিদ্যমান অবকাঠামো ব্যবহারের ওপর গুরত্ব দেওয়া হচ্ছে। মুন্সীগঞ্জের ক্ষেত্রে এ সুবিধা নেই। ওখানে সম্পূর্ণ নতুন স্থানে ক্যাম্পাস স্থাপন করতে হচ্ছে। কিন্তু এখনও অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়নি। ফলে এ বছর ভর্তি নেওয়া যাবে কি—না তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’