ইরান তার সীমান্ত রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, তবে চলমান যুদ্ধ আরো বিস্তৃত করার কোনো ইচ্ছা দেশটির নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় পরিবার চিকিৎসা ও রেফারেল ব্যবস্থা পরিকল্পনার দ্বিতীয় ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পেজেশকিয়ান। এ সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানকে অভ্যন্তরীণ শক্তি ও জাতীয় ঐক্যের দিকে বেশি গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে আমাদের এমন একটি সমাজ গড়ে তোলার চেষ্টা করতে হবে, যেখানে শত্রু লোভ দেখানোর সুযোগ না পায়, অনুপ্রবেশ করতে না পারে এবং এই সামাজিক কাঠামোকে বিভক্ত বা ধ্বংস করতে না পারে।’
পেজেশকিয়ান আরো বলেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় জনগণের ঐক্য গুরুত্বপূর্ণ।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তার এই মন্তব্য এল। তেহরান এর আগে বারবার জানিয়েছে, তারা নিজেদের ভূখণ্ড ও স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেবে। তবে আঞ্চলিক সংঘাত আরো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য তাদের নেই।