ফেনীর পরশুরাম সীমান্তের নিজকালিকাপুর দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে অস্টিন (৩৯) নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে স্থানীয় পরশুরাম থানায় হস্তান্তর করে ফেনী বিজিবি।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীন নিজকালিকাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, স্থানীয় ‘রফিক’ নামে এক ব্যক্তির বাড়িতে ওই নাইজেরিয়ান নাগরিক অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবির একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৩৯ বছর বয়সি নাইজেরীয় নাগরিক অস্টিনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি গত মার্চে বাংলাদেশে আসেন। পরবর্তীতে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে ঢাকা থেকে ফেনী জেলার পরশুরাম উপজেলার নিজকালিকাপুর এলাকায় যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান এশিয়া পোস্টকে জানান, সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক কারবার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে ফেনী ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থান বজায় রেখে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করেছে। আটক নাইজেরিয়ান নাগরিকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে স্থানীয় পরশুরাম থানায় হস্তান্তর করা রয়েছে।