Image description

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য প্রায় ১ কোটি ৭৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ ঘোষণা দেয়।

ইউএনএইচসিআরের ঢাকা কার্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই সহায়তা দিচ্ছে। রোহিঙ্গাদের মানবিক সহায়তা, সুরক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং শরণার্থী শিবিরে দুর্যোগ ঝুঁকি হ্রাসে এই অর্থ ব্যয় হবে ।

সোমবার ঢাকার পদ্মা স্টেট গেস্ট হাউসে এ বিষয়ে চুক্তি সই করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেইসোনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল।

জুলিয়ান হিল বলেন, মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক প্রয়োজন মেটাতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চাইলেও স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য সংকটের মূল কারণগুলোর সমাধান জরুরি।

বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি জুলিয়েট মুরেকেইসোনি বলেন, প্রায় ৯ বছর পেরিয়ে যাওয়ায় এবং বিশ্বের বিভিন্ন স্থানে নতুন মানবিক সংকট সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মনোযোগ থেকে সরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

২০১৭ সালে মিয়ানমারে ব্যাপক নিপীড়নের মুখে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে। ইউএনএইচসিআর জানায়, রোহিঙ্গারা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। তবে অর্থায়নের ঘাটতির কারণে তাদের ঝুঁকি বাড়ছে।