আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, তা নিয়ে নির্দিষ্ট কিছু জানাননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী কখন কোথায় যাবেন এটা একান্তই তার নিজস্ব সিদ্ধান্ত।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চান। প্রতিমন্ত্রী মন্তব্য করেন, ‘সেটা সময়ই বলে দেবে, এখন বলতে পারছি না।’
তিনি বলছিলেন, ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে ইতোমধ্যে আমন্ত্রণপত্র এসেছে। প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টাই দেশের সার্বিক কল্যাণ নিয়ে ব্যস্ত থাকেন। কাজেই সম্মেলনে যাবেন কি না, তা একান্তই তার নিজের সিদ্ধান্ত। দেশের জন্য যেটা মঙ্গলজনক, তিনি সেটাই করবেন।
শামা ওবায়েদ জানান, তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরপরই ভারতের প্রধানমন্ত্রী তাকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।