চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সহযোগিতায় সোমবার (৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। আগের সরকার যদি বৃক্ষরোপণের দিকে দৃষ্টি দিত, তাহলে আজকে দেশের অবস্থা আরও উন্নত থাকত। ঢাকা মহানগরীতে যেখানেই খালি জায়গা পাব, সেখানে আমরা গাছ লাগাব। কারণ সবুজায়ন ছাড়া কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, নানা রোগবালাই বাড়ছে, এর একটা কারণ আমরা পরিবেশ ভালো রাখতে পারিনি। ঢাকা শহরের বায়ুতে সীসা পাওয়া যায়, বায়ু দূষিত হয়ে গেছে। এ অবস্থা পালটানোর জন্য প্রধানমন্ত্রীর একক চেষ্টা যথেষ্ট হবে না। আমাদের সবাইকে অক্লান্ত চেষ্টা করতে হবে। সবাই অন্তত একটি করে গাছ লাগালে এক দিনেই আমরা কয়েক কোটি গাছ লাগাতে পারি।
ডিএসসিসির প্রশাসক বলেন, এবার যেহেতু ২৪-এর এ আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি এবং তারেক রহমান সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছেন, তাই কোনোভাবেই যাতে এ গণতন্ত্রের যাত্রা ব্যাহত না হয়, তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমাজ ও দেশের সামনে ঢাল হয়ে দাঁড়াতে হবে।
ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, বাংলাদেশকে সবুজে ভরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী যে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন- তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে দক্ষিণ সিটি করপোরেশনের সহায়তায় এ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। আমরা আশা করি, এ ক্যাম্পাসকে সবুজে ভরে দিতে পারব।
তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়নের যে প্রভাব আমরা সারা দেশে দেখতে পাচ্ছি- এ ২৫ কোটি বৃক্ষরোপণ যদি সঠিকভাবে সম্পন্ন করা যায়, তাহলে সেই উষ্ণায়নের বিরূপ প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারব।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি কর্মসূচি হলো বৃক্ষরোপণ। তারই অংশ হিসেবে আমরা এ উদ্যোগ নিয়েছি। এ কর্মসূচিটি আমরা জুলাই থেকেই ছড়িয়ে দিয়েছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আমাদের ৫০০ বৃক্ষ দিয়ে এ অনুষ্ঠানটিকে সফল করতে সহযোগিতা করেছেন।