Image description

রাতে ভবন থেকে বের হওয়ার সময় হাতে গাড়ির চাবি শক্ত করে ধরে রাখা, সামনে একদল পুরুষ দেখলে রাস্তা পার হয়ে যাওয়া কিংবা আড্ডা শেষে বাসায় পৌঁছেই বার্তা দেওয়া, অধিকাংশ শহরে একজন নারীর দৈনন্দিন জীবন মানেই চরম সতর্কতার এক কঠিন চাপ। তবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারীদের এই অবচেতন ভয় ও সুরক্ষার চিন্তা ভুলে নিরাপদে বাঁচার সুযোগ রয়েছে।

 

প্রায় ৫০টি দেশে একাকী ভ্রমণ করা ৩৭ বছর বয়সী অস্ট্রেলীয় আল্ট্রাম্যারাথন দৌড়বিদ জেনাহ-লুইস জানান, বহু দেশে অপহরণ ও নেশাজাতীয় দ্রব্যাদি খাইয়ে দেওয়ার চেষ্টার শিকার হয়ে নিরাপত্তা কী জিনিস তা তিনি বুঝেছেন। তার মতে, দুবাই বা জেবেল জাইস পর্বতে ভোরে যখন অন্ধকার থাকে, তখনও তিনি স্বাধীনতা অনুভব করেন।

যুক্তরাষ্ট্রের ভায়োলেন্স অ্যান্ড জেন্ডার সাময়িকীতে ২০২৪ সালের মার্চে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, একাকী হাঁটার সময় পুরুষরা শুধু সামনের রাস্তার দিকে নজর রাখে, অন্যদিকে নারীরা ঝোপঝাড়, ছায়া ও অন্ধকার কোণের দিকে বেশি খেয়াল রাখে। তবে যুক্তরাজ্যের বায়োমেড সেন্ট্রাল উইমেনস হেলথ-এর ২০২৩ সালের গবেষণা অনুযায়ী, পরিবেশ নিয়ে এই তীব্র সতর্কতা নারীদের শারীরিক ও মানসিক ক্লান্তি, মাথাব্যথা, উদ্বেগ ও বিষণ্নতার জন্ম দেয়।

 

দুবাইয়ে আসার পর নারীরা তাদের এই মানসিক চাপ অনুভব করেন না। ২০২১ সালে জর্জটাউন ইউনিভার্সিটির উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি ইনডেক্স প্রকাশ করে যে সামাজিক নিরাপত্তায় আমিরাত শীর্ষে রয়েছে, যেখানে ৯৮ দশমিক ৫ শতাংশ নারী রাতে একাকী হাঁটতে নিরাপদ বোধ করেন। এর পেছনে কঠোর আইন, মৌখিক বা শারীরিক হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, কারও অনুমতি ছাড়া ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি নারী চালকদের পিঙ্ক ট্যাক্সি, দুবাই মেট্রোতে নারী ও শিশুদের জন্য আলাদা কামরা এবং ২৪ ঘণ্টা পুলিশি সহায়তার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

 

দুবাইয়ে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা ৪০ বছর বয়সী ভারতীয় ফ্যাশন উদ্যোক্তা দীপ্তি খন্না জানান, হারানো ওয়ালেট ও ফোন ফেরত পাওয়া, রাতে একা চলাফেরার স্বাভাবিকতা এখানে প্রাত্যহিক জীবনের অংশ। তিনি নিজের ৮ বছরের মেয়েকে নিয়ে নিরাপত্তার বিষয়ে একদম চিন্তামুক্ত থাকেন।

 

নয়াদিল্লি থেকে আসা ৪১ বছর বয়সী একতা আলরেজা জানান, দিল্লিতে রাতে বাইরে বের হওয়ার সুযোগ ছিল না এবং মেট্রোর নারী কামরাতেও আতঙ্কে থাকতে হতো। তবে দুবাইয়ে এসে তিনি তার ১৩ বছরের মেয়েকে স্বাধীন ও দায়িত্বশীলভাবে বেড়ে উঠতে দেখতে পাচ্ছেন।

 

এ ছাড়া ২৭ বছর বয়সী পাকিস্তানি উদ্যোক্তা শিফা খালিদ ও ৩৮ বছর বয়সী ফিলিস্তিনি বিপণন পেশাদার রীম আল নাজ্জার বলেন, দুবাই কেবল নারীদের নিরাপত্তাই দেয় না, বরং পুরুষদের সমান সুযোগ ও সম্মান নিশ্চিত করে ব্যবসাসহ যেকোনও স্বপ্ন পূরণে উৎসাহিত করে। জেনাহ-লুইসের ভাষায়, নিরাপত্তা নিশ্চিত হলে নারীদের নিজেকে রক্ষার পেছনে শক্তি ক্ষয় করতে হয় না, বরং তারা নিজেদের বিকাশ ও সম্ভাবনার ওপর মনোযোগ দিতে পারে।

সূত্র: এমিরেটস ২৪৭