Image description

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আবারও আগুন দেওয়া হয়েছে। রোববার (২ জুলাই) দিনগত রাতে কে বা কারা আবারও তোরণটিতে আগুন ধরিয়ে দেয়। এতে শনিবার রাতে দেওয়া আগুনে না পোড়া বাকি অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণ নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরে রাতে কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া সাগর ও পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি ও পদবীর কিছু অংশ পুড়ে যায়। পরদিন রোববার গভীর রাতে সেই তোরণের বাকি অংশটুকুতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।

টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, শনিবার দুপুরে তোরণটি নির্মাণ করার পর রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরদিন রোববার রাতে না পোড়া অংশটুকুতে আবারও আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা জুলাই গণঅভ্যুত্থানের নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণটি নির্মাণ করেছিলাম। পরপর দুবার তোরণটিতে আগুন দেওয়ার মধ্য দিয়ে জুলাই যোদ্ধাদের চরম অপমান করা হয়েছে। দোষীদের শাস্তির দাবি জানাই।

 
 
 

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, প্রথমবার তোরণটিতে আগুন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিল। সোমবার জানতে পারি, সেই তোরণটিতে আবারও আগুন দেওয়া হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটা তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

 
 
কালবেলা