Image description

রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে তিনি অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত ও কার্যকরভাবে সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। 

Islam

 

 

তিনি জানান, শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে তাঁর গুলশানের বাসভবনে ডেকে নেন। পরে তাঁদের সঙ্গে নিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ময়লা ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শনে বের হন।

 

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তিনি ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর-৩, ৪, ৫ ও ৬, এয়ারপোর্ট রোড, কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি গুলশানের বাসভবনে ফিরে আসেন।

 

সরেজমিন পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তিনি কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

 

পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী উপস্থিত ছিলেন।