জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।
এ সময় তিনি বলেছন, বিগত সরকার যা করেছে বর্তমান সরকার তাই করছে। তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার আর বর্তমান সরকারের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না।
তিনি আরো বলেন, জুলাইয়ের সূচনা হয়েছে সরকারি চাকুরীতে কোটা প্রথা বাতিলের দাবিতে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চালু করেছিল নানান রকম কোটা, বর্তমান সরকার চালু করেছে বিএনপি কোটা। সরকার সর্বত্র নিলজ্জভাবে দলীয়করণ করছে। রাষ্ট্রীয়, সাংবিধানিক, ব্যাংক-বিমা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজদি, মন্দিরসহ সর্বত্র দলীয় লোকজনকে দিয়ে দখল করে দলীয় প্রতিষ্ঠানে রূপ দেওয়া হচ্ছে। এই যে সরকার বৈষম্যের সৃষ্টি করছে অথচ এই বৈষম্যের বিরুদ্ধে জুলাই বিপ্লব অর্জিত হয়েছে।
তিনি বলেন, অবশ্য সরকারের একজন মন্ত্রী স্বীকার করেছেন, জুলাই বিপ্লব পরবর্তী কিছুই পরিবর্তন হয়নি; সবকিছু আগের মতোই চলছে! তাহলে প্রশ্ন হলো কেন কিছুই পরিবর্তন হয়নি? কেন সবকিছু আগের মতোই চলছে?- কারণ সরকার জুলাই চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে না হেঁটে ফ্যাসিবাদের পথে হাঁটছে।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন হলে সব কিছুর পরিবর্তন হবে। আগের মতো কোনো কিছুই চলবে না। জাতি নতুন বাংলাদেশ দেখতে পাবে। জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেওয়া সরকারের দায়িত্ব। সরকার সেই দায়িত্ব পালন করতে বিরোধীদলের সহযোগিতা চাইলে জামায়াতে ইসলামী সেই সহযোগিতা করবে, ইনশাআল্লাহ।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই শহীদেরা যেজন্য জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। আর শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, যারা নিজের জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা দুই বছরেও বাস্তবায়ন হয়নি। তিনি, জুলাই শহীদ ও আহতদের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করার দাবি জানিয়ে বলেন, জুলাইয়ের চেতনায় গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি আদায়ে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে তিনি আহ্বান জানান।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, কর্মপরিষদ সদস্য যথাক্রমে ড. মোবারক হোসাইন ও শাহীন আহমেদ খান, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতা।