Image description
দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে বর্তমান সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। 
 
শুক্রবার (৩১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে আয়োজিত ‘বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন’-এর ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
দেশে দিন দিন দুর্নীতি ও চাঁদাবাজির মাত্রা বৃদ্ধি পাওয়ার অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, পরিবহন শ্রমিকেরা আজও বিভিন্ন স্ট্যান্ডে চাঁদাবাজদের হাতে চরম নির্যাতনের শিকার হচ্ছেন। চাঁদা না দিলে তাদের ওপর মারধর ও গাড়ি ভাঙচুরের মতো হামলা চালানো হচ্ছে। এমনকি সরকারের জ্যেষ্ঠ নেতারাও প্রকাশ্যে দুর্নীতি নিয়ন্ত্রণে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিচ্ছেন। এই ব্যর্থতার পর সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার অবশিষ্ট থাকে না।
 
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য ও প্রধানমন্ত্রীর ভূমিকার কথা উল্লেখ করে জামায়াত আমির প্রশ্ন তুলে বলেন, যদি দাবি করা হয় প্রধানমন্ত্রীর ইশারায় সব চলে, তবে তার ইশারায় দেশ থেকে দুর্নীতি বন্ধ হচ্ছে না কেন?
 
তিনি আরও বলেন, চাঁদাবাজি পুরোপুরি বন্ধ না করার ঘোষণা এবং যুবসমাজকে কর্মসংস্থানের নামে টেম্পোস্ট্যান্ডের চাঁদাবাজিতে জড়ানোর কৌশলকে দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
 
জুলাই গণ-আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, এটি দেশের ১৮ কোটি সাধারণ মানুষের সম্মিলিত অর্জন। আন্দোলনে শহিদ হওয়া বীরেরা জাতির শ্রেষ্ঠ সন্তান, কোনো বিশেষ দলের ক্যাডার নন। জুলাইয়ের সকল শহীদ ও আহতদের দ্রুত যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জানান তিনি।
 
 
 
গণভোট প্রসঙ্গে জামায়াত আমির জানান, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলে জনগণের দেওয়া রায়কে মেনে নিতে হবে। জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তার শক্ত বিরোধিতা করা হবে। 
 
সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম এবং বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির আহমদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 
সময়ের আলো