দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৮৫ জন।
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯০০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ২৮ হাজার ৩১০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮৫ জন, গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯ জন।
গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১০ হাজার ৯৮৭ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ল্যাবে নিশ্চিত হওয়া কোনো হাম রোগীর মৃত্যু হয়নি। তবে রোগটির উপসর্গ ও লক্ষণ নিয়ে নতুন করে মারা গেছে দুই শিশু। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৬ জন এবং হামের উপসর্গ ও সন্দেহজনক জটিলতায় মোট ৭৪১ জন শিশুর প্রাণহানি ঘটেছে।