Image description

ঢাকার অদূরে আশুলিয়ায় একটি চায়ের দোকানের বেঞ্চে রাখা ব্যাগে প্রেসার কুকার আকৃতির বোমা পেয়েছে পুলিশ। পরে খবর দিলে শুক্রবার (৩১ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট গিয়ে নিরাপদ স্থানে সেটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার হৃদয় চাকমার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোরের’ বেঞ্চে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ব্যাগটি খুলে ভেতরে প্রেসার কুকার আকৃতির একটি বস্তু দেখতে পেয়ে আতঙ্কে তারা পুলিশে খবর দেন।

আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। প্রাথমিকভাবে বস্তুটি বিস্ফোরক বুঝতে পেরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে জানায়। ঢাকার টিম ঘটনাস্থলে পৌঁছে বিশেষ নিরাপত্তায় ব্যাগটি আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু রোড এলাকার ইউনাইটেড গার্মেন্টস সংলগ্ন আমির সরকারের হাউজিংয়ের ভেতরের একটি ফাঁকা প্লটে নেয়। সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

একটি ব্যাগের ভেতরে প্রেসার কুকার সদৃশ বোমাটি পায় পুলিশ। স্ট্রিম ছবিএকটি ব্যাগের ভেতরে প্রেসার কুকার সদৃশ বোমাটি পায় পুলিশ। স্ট্রিম ছবি

বিস্ফোরণের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা আজিজুল হক জানান, রাতে দোকানের সামনে এমন একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তারা প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি। তবে সন্দেহ হওয়ায় ব্যাগটি পরীক্ষা করে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে দ্রুত পুলিশকে জানান। পুলিশের তাৎক্ষণিক উদ্যোগে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন তিনি।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, উদ্ধার ব্যাগটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কে বা কারা এটি রেখে গেছে, তাদের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে।

এর আগে গত ২৪ জুলাই সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ছাতার ভেতরে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম সেটি নিষ্ক্রিয় করে।