Image description

রাজধানীর ইমারত নির্মাণ ও নগর উন্নয়নসংক্রান্ত আইন ও বিধিমালা যুগোপযোগী এবং আরও কার্যকর করার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

তিন সদস্যের এ কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।

গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 

 

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগরে ইমারত বিধিমালা বাস্তবায়নের ক্ষেত্রে আইনিকাঠামো আরও শক্তিশালী করতে পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটি বিদ্যমান দুটি আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করবে, যাতে ঢাকা মহানগরের ইমারত বিধিমালা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।

এ ছাড়া প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন করবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।