Image description

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ঢাকার মিন্টো রোডে বিরোধী দলের নেতার বাসভবনে বৈঠকের পর জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, ‘সরকার নির্বাচনের আগে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইন চালিয়েছিল। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হ্যাঁ’ ভোট চেয়েছিলেন। জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করলেও সেটি এখন বাস্তবায়ন করা হচ্ছে না। অর্থাৎ সরকার তার প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের রায়কে অবজ্ঞা করছে।’

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সরকার বিভিন্ন দপ্তর বা অধিদপ্তরে নজিরবিহীনভাবে দলীয় লোক নিয়োগ দিয়েছে। যা জুলাই অভ্যুত্থান চেতনার বিপরীত। একই সঙ্গে সারাদেশে ফের নতুন করে ব্যাপক অনিয়ম-দুর্নীতি শুরু করেছে সরকারের লোকজন। এসবের প্রতিবাদে ৫ আগস্ট বুধবার ঢাকার পল্টনে ১১ দল সমাবেশ করবে।

বৈঠকে জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে ১১ দলীয় জোট। গত কয়েক মাসে তারা বিভাগীয় সমাবেশ, জেলা ও মহানগরে বিক্ষোভ, গণমিছিল এবং স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। একই সঙ্গে সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে জোটটি।