শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রধান ফটকে দায়িত্বরত এক আনসার সদস্যকে মারধর করার ঘটনায় শাখা ছাত্রদল নেতা জিল্লুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা জিলুর রহমানকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্য আবুল হাসান রিকশাযোগে ক্যাম্পাসে প্রবেশ করা জিল্লুর রহমানের কাছে পরিচয় জানতে চান। পরে পরিচয়পত্র দেখতে চাইলে তিনি রিকশা থেকে নেমে আনসার সদস্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাকে চড়-থাপ্পড় মারেন। ঘটনার সময় আনসার সদস্যকে কোনো প্রতিরোধ করতে দেখা যায়নি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজেও মারধরের ঘটনাটি দেখা যায়।