লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খোকন মিয়াকে মাদক মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ।
গ্রেপ্তারকৃত খোকন মিয়া আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ছকমল মিয়ার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুন ভেলাবাড়ী এলাকা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন হৃদয় ও খোকন মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ধাওয়া করে মোটরসাইকেল ও বিপুল মাদকসহ হৃদয়কে ঘটনাস্থল থেকেই আটক করে। তবে ওই সময় কৌশলে পালিয়ে যান খোকন মিয়া।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি চৌকস দল।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।