জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমি আজ থেকে কোনো কথা বলব না, চুপ থাকব। দেখব উনারা কতটুকু বাড়তে পারে। দেশে আর সহিংস রাজনীতি দেখতে চাই না বলেও মন্তব্য করেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় অংশ নিয়েছিলেন এই নেতা। সভা শেষে একাডেমিক ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চুপ থাকার কথা জানান নাসীরুদ্দীন। নিজের ‘কথা বলা’ কেন্দ্র করে হামলার শিকার হওয়ার অভিযোগ আসার প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করলেন।
বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘অগ্নিঝরা জুলাই ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভার আয়োজন করেছিল জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান আলোচক ছিলেন নাসীরুদ্দিন পাটোয়ারী।
এদিন সিলেটের গোলাপগঞ্জে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহন করা গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে ভেঙে যায় গাড়ির পেছনের কাচ। বিকালে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান শেষে এই ঘটনা ঘটে। হামলার জন্য ছাত্রদলকে দুষছেন সারজিস।
বিষয়টি উল্লেখ করেন নাসীরুদ্দীন। বলছিলেন, ‘সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়ি ভাঙচুর করেছে। আমরা রওনা দিচ্ছি। আমাকেও তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে। আমি কথা বলি এ জন্য। আমি আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। দেখব উনারা কতটুকু বাড়তে পারে।’
এর আগে গত মঙ্গলবার বিকালে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা হয়। মারধরে আহত হয় নেতাকর্মীরাও। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় এনসিপি। পরে হবিগঞ্জ বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এ ঘটনায় জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে। এরপরও এনসিপির কেন্দ্রীয় নেতারা প্রতিবাদ মিছিল করতে হবিগঞ্জ যেতে চাইলে পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। পরে বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দিয়ে চলে আসেন তারা।
নাসীরুদ্দীন মন্তব্য করেন, ‘আমরা গতকাল অভিযোগ দিয়েছি। তবে অভিযোগে কিছু সংশোধন আসছে, কারণ একজন ব্যক্তির নাম সেখানে ছিল, যেটা ভিডিওতে ছিল না। পুলিশ সুপার জানিয়েছেন, আজ পূর্ণ সংশোধনী চলে আসবে। আমরা আজই এফআইআরের কপি পেয়ে যাব।’
বিচারহীনতার সংস্কৃতি থেকে সরকারকে বেরিয়ে আসার আহ্বান জানান নাসীরুদ্দীন। হবিগঞ্জে হামলায় আহত জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর পরিস্থিতি তুলে ধরেন এই নেতা।
‘ইন্টারপড়ুয়া ছেলে, যে কাউকে কখনো মারতে যায়নি, তার বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী, এখন অপারেশন থিয়েটারে আছে। আপনি (প্রধানমন্ত্রী কি পারবেন তার চোখটা ফেরত দিতে? আমরা বাংলাদেশে আর কোনো সহিংস রাজনীতি দেখতে চাই না। আমরা বলব প্রিয় তারেক রহমান, আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব, আর কিছু বলব না। আপনি আপনার ক্ষমতা চালান, আমরা কিছু চাই না।’
সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ বখতিয়ার।