নীলফামারীর ডিমলায় জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) গভীর রাতে উপজেলার শালহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলা যুবদলের আহ্বায়ক ও বাবুরহাট এলাকার আলহাজ মো. শাহাদাত হোসেনের ছেলে শহিদুল ইসলাম সেলিম (৪২), সুরেশ সিংহ রায়ের ছেলে নির্মলেন্দু রায় (৪৬), মৃত শুজারু বর্মণের ছেলে দীনবন্ধু রায় (৫৪), বজেন্দ্র রায়ের ছেলে বিপুল রায় (৩২), শালহাটি এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে লাবলু ইসলাম (২৮), আকাশকুড়ি এলাকার নুরুল হকের ছেলে রফিকুল ইসলাম (৩২), মৃত দেলোয়ার হোসেনের ছেলে নুর ইসলাম (৪৫) এবং জলঢাকা উপজেলার পশ্চিম গোলমুণ্ডা এলাকার মৃত তালেব হোসেনের ছেলে মোখছেদুর রহমান (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে শালহাটি এলাকার একটি বাড়িতে আসামিরা জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে উপজেলা যুবদলের আহ্বায়কসহ আটজনকে গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে ওসি শওকত আলী সরকার বলেন, জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করে মামলা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।