Image description

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করে দলীয় রাজনীতি ত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

দলত্যাগকারী মো দেলোয়ার হোসেন নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তার পিতা মো. মুনসুর সরদার।

স্থানীয়দের ভাষ্য, জামায়াতে ইসলামী থেকে সদ্য বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও বিতর্কের পর ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে দেলোয়ার হোসেন দলীয় রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবে এলাকাবাসীর উপস্থিতিতে এক মণ দুধ দিয়ে গোসল করে তিনি আনুষ্ঠানিকভাবে দলত্যাগের ঘোষণা দেন।

 

 

এসময় দেলোয়ার হোসেন বললেন, সাম্প্রতিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। একজন কর্মী হিসেবে আমি এই পরিস্থিতি মেনে নিতে পারিনি। তাই বিবেকের তাড়না থেকে জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জামায়াতের একজন সক্রিয় কর্মী ও দায়িত্বশীল নেতা হিসেবে কাজ করেছেন। তাদের মতে, সাম্প্রতিক ঘটনায় সাধারণ নেতাকর্মীদের মধ্যেও নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ বিচারের দাবি জানান।

এ বিষয়ে জামায়াত ইসলামীর নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, দেলোয়ার হোসেন আমাদের ওয়ার্ড কমিটির একজন কর্মী ছিলেন। তবে তিনি বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন কি না, সেটি এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টি দেখে বলতে হবে।