লালমনিরহাটে পণ্য চোরাচালান মামলায় সমীর পাল নামের এক ভারতীয় নাগরিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ জুলাই) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা দেন। এ সময় আদালতে উপস্থিতি আসামিকে কারাগারে নেওয়া হয়।
সাজাপ্রাপ্ত সমীর পাল ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা এলাকার বাসিন্দা। তিনি পেশায় ট্রাকচালক। ২০২৫ সালের ৬ নভেম্বর সকালে লালমনিরহাটের বুড়িমারী জিরোপয়েন্ট এলাকায় থেকে ভারতীয় ট্রাকসহ তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (৬১ বিজিবি) তিস্তা ব্যাটালিয়ন।
রায়ে আসামির সাজার পাশাপাশি মামলায় জব্দ ট্রাকটি নিয়মানুযায়ী বিক্রি করে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামির সাজা ভোগ শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এজাহার ও আদালত সূত্রে জানা যায়, পাটগ্রামের বুড়িমারী জিরোপয়েন্ট এলাকায়, ২০২৫ সালের ৬ নভেম্বর সকালে চালানো অভিযানে একটি ভারতীয় ট্রাকসহ চালক সমীর পালকে আটক করে ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন। ট্রাকে তল্লাশি চালিয়ে ২৭২ কেজি সিসা সদৃশ বস্তু, দুই ধরনের ৩ হাজার ট্যাবলেট পাওয়া যায়। এতে ট্রাকসহ মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় পাটগ্রাম থানায় ৬১ বিজিবির নায়েব সুবেদার মো. আনজারুল হক একটি মামলা করার পর আসামিকে আদালতে সোপর্দ করে পুলিশ। ওই মামলার চার্জশিট দেওয়ার পর শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার রায় ঘোষণা করেন বিচারক।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (এপিপি) সামসুল আলম মিলন বলেন, বিজিবির কাছে হাতেনাতে গ্রেপ্তার হওয়ার পর রাষ্ট্রপক্ষ থেকে আমরা আদালতের কাছে অপরাধটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। স্বল্প সময়ে আদালত উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে রায় প্রদান করেন।