Image description

ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্র এই অঞ্চলের মানুষের বাস্তবতায় টেকসই হতে পারেনি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, “ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তার প্রশ্নে পাকিস্তানের রাষ্ট্রকাঠামো সংকটে পড়ে এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণার বিকাশ ঘটে।”  

 

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জবি শাখা আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

জহির উদ্দিন স্বপন বলেন, “১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই প্রশ্ন ওঠে, রাষ্ট্রের ভিত্তি কি শুধু ধর্ম হবে, নাকি ভাষা ও জাতিসত্তাও তার ভিত্তি হবে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি না দিয়ে উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা থেকেই পূর্ব বাংলার মানুষের প্রতিবাদ শুরু হয়।”  

তিনি বলেন, “১৯৪৮ সালের প্রতিবাদ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধ সবই প্রমাণ করেছে যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন এই অঞ্চলের মানুষের আত্মপরিচয়, সামাজিক ও ভৌগোলিক বাস্তবতাকে ধারণ করতে পারেনি।”  

মন্ত্রী আরও বলেন, “১৯৭১ সালে রাজনৈতিক সংকটের এক পর্যায়ে দেশের প্রচলিত রাজনৈতিক নেতৃত্ব অনুপস্থিত হয়ে পড়ে। সেই সময়ে মেজর জিয়াউর রহমানের বিদ্রোহ ও স্বাধীনতার ঘোষণার বার্তা মুক্তিযুদ্ধকে সশস্ত্র প্রতিরোধে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।”  

 

তিনি বলেন, “বাংলাদেশের জাতীয় পরিচয় ও রাষ্ট্রচিন্তার বিকাশ বুঝতে হলে ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাস অনুধাবন করতে হবে। সেই ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের বিকাশ ঘটেছে।”  

সেমিনারে প্রধান আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম। 

ইউট্যাব জবি শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।