জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মার্কিন প্রতিনিধি দলে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান ও রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট। অন্যদিকে এনসিপির পক্ষে ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক সেলের ভারপ্রাপ্ত প্রধান আলাউদ্দিন মোহাম্মদ এবং আন্তর্জাতিক সেলের সদস্য মনিরা শারমিন ও নাভিদ নওরোজ শাহ।
বৈঠক সূত্রে জানা যায়, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, গণতান্ত্রিক উত্তরণ, এনসিপির রাজনৈতিক দর্শন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি আলোচনায় উঠে আসে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গুরুত্ব এবং দ্বিপাক্ষিক সহযোগিতা।
এনসিপি নেতারা সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে জনগণের মধ্যে বিদ্যমান প্রশ্ন ও উদ্বেগের বিষয় মার্কিন প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তাঁর সহকর্মীরা চুক্তির বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এই চুক্তি ভবিষ্যতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে। এতে উভয় দেশের জনগণ উপকৃত হবে।
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। বৈঠকে এনসিপি নেতারা বলেন, গণভোটের রায়কে যথাযথ গুরুত্ব না দিয়ে সরকার সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে, যা নিয়ে তাঁদের উদ্বেগ রয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত রাজনৈতিক সংলাপ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্পৃক্ততার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।
বৈঠকে উপস্থিত এনসিপির আন্তর্জাতিক বিষয়ক ইন-চার্জ আলাউদ্দীন মোহাম্মদ স্ট্রিমকে বলেন, ‘অনেক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। এরমধ্যে অন্যতম হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি। বাণিজ্যচুক্তি সম্পর্কে জনগণকে অবহিত করতে সংসদে এটা উত্থাপন করব। তা ছাড়া আমরা কেন সংবিধান সংশোধন কমিটিতে যাইনি, সেটা নিয়েও আলোচনা হয়েছে।’