Image description

কুমিল্লা, বরগুনা, সিলেট ও হবিগঞ্জের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের আবেদন করা হয়েছে। এর মধ্যে দুটি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দুই  বিএনপি নেতার নামে নামকরণের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে সুষ্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২২ জুলাই) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠির তথ্যানুযায়ী, কুমিল্লার মো. তাজুল ইসলাম স্কুল এন্ড কলেজের নাম কাঁঠালিয়া স্কুল এন্ড কলেজ, বরগুনার আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের নাম নূরুল ইসলাম মনি মাধ্যমিক বিদ্যালয়, সিলেটের মূলাগুল উচ্চ বিদ্যালয়ের নাম মূলাগুল হারিছ চৌধুরী একাডেমি এবং হবিগঞ্জ জেলার সানশাইন মডেল হাই স্কুলের নাম ফেরদৌসী শামস মডেল স্কুল এন্ড কলেজ করার জন্য প্রস্তাব দেয়া হয়েছে।

এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের লক্ষ্যে বিদ্যমান ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩)’ অনুসরণ করে সরেজমিনে পরিদর্শন করে তথ্য ও সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশ করা হয়েছে।

জানা গেছে, আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম ছিল ‘আনোয়ার হোসেন বালিকা মাধ্যমিক বিদ্যালয়’। ২০২০ সালের নাম পরিবর্তন করে ‘আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়’ নামকরণ করা হয়। আনোয়ার হোসেন আকন পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। 

 

এছাড়া, ১৯৯৫ সালে মুলাগুল মাধ্যমিক বিদ্যালয় নাম দিয়ে যাত্রা শুরুর ১৯৯৬ সালে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব কানাইঘাটের হারিছ চৌধুরীর নামানুসারে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। পরবর্তীতে ২০১৯ সালে আবারো সরকারিভাবে প্রতিষ্ঠানটির নাম পূর্বের নামে ফিরিয়ে আনা হয়। তবে  ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাৎক্ষণিক প্রতিষ্ঠানের প্রধান ফটক ও বিদ্যালয় ভবনে পূর্বের নাম ‘মুলাগুল হারিছ চৌধুরী একাডেমি’  ব্যানার টাঙানো হয়। বর্তমানে এই নামেই বিদ্যালয়টি নামকরণের প্রক্রিয়া চলছে।