Image description

মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় হালকা থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিশেষ করে কক্সবাজার ও বান্দরবান জেলাকে ভূমিধসের মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (২২ জুলাই) সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি ১৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।

দেশের বেশির ভাগ এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নওগাঁ জেলায় বন্যা সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া দেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট, নীলফামারি, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রামসহ অন্তত ১০ জেলার নদনদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আগামী ২৪ থেক ৪৮ ঘণ্টায় এই জেলাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

পাউবো বলছে, সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া নওগাঁ জেলায় আত্রাই নদীর পানিও বিপৎসীমার ওপরে রয়েছে।

সাঙ্গু, মাতামুহুরী নদী অববাহিকায় বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার নদনদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি এখনো বিপদসীমার ওপরে থাকলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।