Image description
“হলের বড় ভাইয়ের পরামর্শে মুখে টমেটো সস মেখেছিলাম-- সানজিদা তন্বী (জুলাই যোদ্ধা”-- এমন একটি ভুয়া উক্তি সম্প্রতি ছড়ানো হয়েছে আওয়ামীপন্থী বিভিন্ন ফেসবুক একাউন্ট থেকে।
সেই ভুয়া উক্তি সম্বলিত ফটোকার্ড নিজের ফেসবুক একাউন্টে পোস্ট করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সিনিয়র অধ্যাপক ড. রিসালা তাসিন খান।
তিনি দৈনিক ভোরের পাতা নামক একটি পত্রিকার নামে বানাবো ফটোকার্ড শেয়ার দিয়েছেন। কিন্তু যাচাইয়ে দেখা যায়, এই ফটোকার্ডটি যে পেইজ থেকে ছড়ানো হয়েছে সেটি মূল ‘ভোরের পাতা’ নামক পত্রিকার ফেসবুক পেইজ নয়। এই পেইজে তৈরির সময় নাম ছিল- ‘সচেতন নাগরিক’। পরে ৪ দফা নাম পরিবর্তন করে ‘Zaima Rahman Friends Club’ করা হয় ২০২৩ সালে। সর্বশেষ ২০২৫ সালের ২৯ জানুয়ারি ’দৈনিক ভোরের পাতা’ নামে নামকরণ করা হয়।
 
এদিকে সেই ফটোকার্ডের ব্যাপারে ছাত্রলীগের হাতে ২০২৪ সালের ১৬ জুলাই আহত ও রক্তাক্ত হওয়া সানজিদা তন্বি দ্য ডিসেন্টকে বলেছেন, এমন কোন কথা তিনি কখনো বলেননি।
তিনি বলেছেন, “এটা তো আওয়ামী লীগের পুরান একটা প্রোপাগান্ডা। ২৪ থেকেই বলে আসছে (এটা)।”
 
অনলাইনে সার্চ করে আওয়ামীপন্থী কিছু এক্টিভিস্টের প্রোফাইল ও পেইজ ছাড়া কোন নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে তন্বির এমন উক্তির প্রমাণ পাওয়া যায়নি।
২০২৪ সালের আন্দোলনের সময় ছাত্রলীগের হামলায় রক্তাক্ত তন্বির ছবি দেশের মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল এবং তখনই এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছিল।