Image description

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর চিফ অব মিশন লরা টম বন্ডের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে অভিবাসন ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা, নিরাপদ শ্রম অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং অভিবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। 

বৈঠকে মাহ্‌দী আমিন বাংলাদেশ থেকে নতুন নতুন দেশে জনশক্তি রপ্তানির বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ সম্ভাবনাময় আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠানো, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জনশক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি নিরাপদ ও মর্যাদাপূর্ণ উপায়ে নারী শ্রমিকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং স্বল্প ব্যয়ে, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করার ওপরও জোর দেন। পাশাপাশি বিদেশগামী কর্মীদের জন্য সহজতর ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

আইওএম প্রতিনিধি দল বাংলাদেশে তাদের চলমান কার্যক্রম তুলে ধরে এবং সরকারের বিভিন্ন উদ্যোগে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে অভিবাসন ব্যবস্থাপনা উন্নয়ন এবং বিদেশগামী কর্মীদের জন্য আধুনিক সেবা নিশ্চিত করতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয় সংস্থাটি।

বৈঠকে বাংলাদেশ সরকারের অংশীদারত্বে গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ন্যাশনাল অ্যাকশন প্ল্যান উদ্বোধনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।