আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনায় আবারও যুক্ত হয়েছেন উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা। প্রায় দুই বছর স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমে পরিচালিত হওয়ার পর ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক নতুন করে ১৪ জন উদ্যোক্তা পরিচালককে পর্ষদে অন্তর্ভুক্ত করেছে।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত কার্যকর করে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
এর ফলে আগে দায়িত্বে থাকা পাঁচ জন স্বতন্ত্র পরিচালকের সঙ্গে নতুন ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত হয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। সেই সময় পাঁচ সদস্যের স্বতন্ত্র পর্ষদ গঠন করা হয়। আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট আব্দুস সামাদ লাবু।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “কেন্দ্রীয় ব্যাংক মোট ১৬টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছিল। এর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পাশাপাশি উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় তাদের আবার পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
তিনি জানান, যেসব ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছিল, সেগুলোর অনেক ক্ষেত্রেই উদ্যোক্তা পরিচালকদের খুঁজে পাওয়া যাচ্ছে না বা তারা কার্যকরভাবে দায়িত্ব পালনের অবস্থায় নেই। তবে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হওয়ায় উদ্যোক্তাদের হাতে পর্ষদের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।
নতুন পর্ষদে যারা
নতুন উদ্যোক্তা পরিচালকদের মধ্যে কেডিএস গ্রুপের তিন জন প্রতিনিধি রয়েছেন। তারা হলেন— কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ এবং কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ।
এছাড়া পর্ষদে যুক্ত হয়েছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে জামায়াতের প্রার্থী এনায়েত উল্লাহ, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী এবং কেওয়াই স্টিল মিলসের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।
থাকছেন স্বতন্ত্র পরিচালকরাও
আগের নিয়োগপ্রাপ্ত পাঁচ জন স্বতন্ত্র পরিচালকও নতুন পর্ষদে বহাল থাকছেন। তারা হলেন— পর্ষদের বর্তমান চেয়ারম্যান খাজা শাহরিয়ার, মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন গঠিত ১৯ সদস্যের পরিচালনা পর্ষদ নিজেদের মধ্য থেকেই ব্যাংকটির নতুন চেয়ারম্যান নির্বাচন করবে।