রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় শিক্ষা ভবনের সামনে বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সাংবাদিক নাজমুল ইসলামের ওপর হামলা চালিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী ওই সাংবাদিকের ওপর হামলে পড়ে মারধর করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশের সময় পুলিশ কয়েকজন সাংবাদিককে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। এ সময় স্টার নিউজের সাংবাদিক নাজমুল হকসহ আরও কয়েকজন সাংবাদিক ভেতরে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা তাদের বাধা দেন। শিক্ষার্থীদের দাবি ছিল, তাদের নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে।
এ সময় সাংবাদিক নাজমুল হক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললে এক শিক্ষার্থী তার শার্টের কলার ধরে ধাক্কা দেন। এর প্রতিবাদ করলে আশপাশে থাকা আরও কয়েকজন শিক্ষার্থী এসে তার ওপর হামলা চালান। তাকে উদ্ধার করতে এগিয়ে এলে অন্য কয়েকজন সংবাদকর্মীর ওপরও হামলা চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানান, হামলার পর আহত সাংবাদিক নাজমুল হককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের ঘোষিত ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচিকে ঘিরে রাজধানীর শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করে পুলিশ। শিক্ষার্থীদের অগ্রযাত্রা ঠেকাতে সচিবালয়মুখী সড়কে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।