লিওনেল স্কালোনির আর্জেন্টিনায় রদ্রিগো ডি পল প্রায় অপরিহার্য। লিওনেল মেসির পাশে দৌড়ানো, প্রতিপক্ষকে চাপে রাখা এবং মাঝমাঠের ভারসাম্য সামলানোর কারণে বড় ম্যাচে তার নাম সাধারণত সবার আগেই লেখা হয়। তবে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে সেই ডি পলকেই বেঞ্চে রেখে চমক দেখাতে পারেন আর্জেন্টিনা কোচ।
বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। জয়ী দল ফাইনালে খেলবে স্পেনের বিপক্ষে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাদশ নিয়ে পরিষ্কার কোনো ধারণা দেননি স্কালোনি। তবে প্রতিপক্ষের ধরন বিবেচনায় পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
স্কালোনি বলেছেন, ‘প্রতিপক্ষের কথা মাথায় রেখে কিছু পরিবর্তন করতে পারি। আমাদের হাতে থাকা সেরাদের নিয়েই নামতে চাই। ছেলেরা ভালো আছে।’
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পরিবর্তন হলে সেটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মাঝমাঠে। আর সেখানেই অনিশ্চয়তার কেন্দ্রে ডি পল। সাম্প্রতিক দুই ম্যাচে তাকে মাঠ থেকে তুলে নিয়েছেন স্কালোনি। শারীরিক ক্লান্তির পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে বাড়তি গতি ও প্রস্থ যোগ করার ভাবনাও রয়েছে কোচের।
ডি পলের জায়গার জন্য বিবেচনায় আছেন নিকোলাস গঞ্জালেস ও জিউলিয়ানো সিমিওনে। দুজনই দুই প্রান্তে খেলার পাশাপাশি প্রতিপক্ষের ফুলব্যাকদের চাপে রাখতে পারেন। ইংল্যান্ডের গতিশীল আক্রমণের সামনে রক্ষণে দ্রুত নেমে আসার ক্ষেত্রেও তাঁদের কার্যকারিতা কাজে লাগাতে চান স্কালোনি।
আরেকটি সম্ভাবনা তিন সেন্টারব্যাকের ছক। ইনফোবায়ের প্রতিবেদন অনুযায়ী, অনুশীলনে নিকোলাস ওতামেন্দিকে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে রেখে ৩-৫-২ ছকও পরীক্ষা করেছেন স্কালোনি। সেই পরিকল্পনায় মাঝমাঠে থাকতে পারেন লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক আলিস্টার। সামনে মেসির সঙ্গী হুলিয়ান আলভারেস।
নিজের একাদশে থাকা নিয়ে নিশ্চিত নন ডি পলও। তিনি বলেছেন, ‘আমি জানি না। কোচ দল জানাননি। আপনারা জানেন, ম্যাচের দিন ছাড়া তিনি তা বলেন না।’
তবে ইংল্যান্ডের মতো বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলার রোমাঞ্চের কথাও জানিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
রাইটব্যাক পজিশন নিয়েও সিদ্ধান্ত বাকি। নাহুয়েল মোলিনা ও গঞ্জালো মন্তিয়েলের মধ্যে একজনকে বেছে নেবেন স্কালোনি। আপাতত মোলিনাকেই কিছুটা এগিয়ে রাখা হচ্ছে।
ডি পল শেষ পর্যন্ত বেঞ্চে থাকলে সেটি হবে স্কালোনির সময়ের অন্যতম বড় কৌশলগত চমক। তবে সিদ্ধান্তটি যে পারফরম্যান্সের শাস্তি নয়, বরং ইংল্যান্ডকে থামানোর নির্দিষ্ট পরিকল্পনার অংশ, সেই ইঙ্গিতই মিলছে আর্জেন্টিনা শিবির থেকে।
সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা বা গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল বা জিউলিয়ানো সিমিওনে বা নিকোলাস গঞ্জালেস, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।